।। চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে মাটিয়ায় প্রশাসন-কৃষি দপ্তরের যৌথ অভিযান, গুদামে তল্লাশি ।।
বসিরহাটের স্বরূপনগর বাজারে পুলিশ ও কৃষি দপ্তরের হানা, খতিয়ে দেখা হল লাইসেন্স ও মজুত
দেশজুড়ে চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে তৎপর প্রশাসন। মঙ্গলবার বসিরহাটের মাটিয়া থানার পুলিশ ও কৃষি দপ্তরের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালালেন বসিরহাট ২নং ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের স্বরূপনগর বাজারে। মাটিয়া থানার আইসি দীনেশ চন্দ্র পালের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
প্রথমে স্বরূপনগর বাজারের একটি চিনির গুদামে হানা দেন প্রশাসনের আধিকারিকরা। সেখানে মজুত চিনির পরিমাণ, মজুতের বৈধতা এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। গুদামের নথিপত্র ও মজুতের হিসাবের সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখেন আধিকারিকরা।
এরপর প্রশাসনের দল একটি বেসরকারি অয়েল মিলের গোডাউনেও যায়। সেখানে গোডাউনের মজুত, প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। আধিকারিকরা গোডাউন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মজুত সংক্রান্ত বিভিন্ন তথ্যও জানতে চান। চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে যাতে কোনও ব্যবসায়ী অতিরিক্ত মজুত বা কালোবাজারি করতে না পারেন, সেই লক্ষ্যেই এই অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিনের অভিযানে মাটিয়া থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি কৃষি দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
স্থান: স্বরূপনগর বাজার
তারিখ: ২৫ আগস্ট ২০২৬ | সময়: ০২:০৭ পিএম
রিপোর্টার
রাহিন আলম
নেটওয়ার্ক বাংলা
খবরের বিস্তারিত ভিডিওতে দেখুন:
